ছেলের এমন মৃত্যুর ঘটনাকে কোনপিতার পক্ষে মানা অসম্ভব।

 


‘টাকা আর মোবাইলফোন দিয়েও বাঁচাতে পারিনি ছেলেকে’  পিতার এমন কান্নার কারণ চোখের সামনে একমাত্র ছেলের মৃত লাশ।

ছেলে রাহুল ফোন করে বলেছিল, আব্বা আমি  অ্যাকসিডেন্ট করেছি, পাঁচ হাজার টাকা লাগবে। আমি কথাটি শুনে রাগের মাথায়  বলেছিলাম তুই মরলেই তো ঝামেলা শেষ হতো। তুই মরে গেলেও  আমি এক টাকা দিতে পারবো না। এরপর ছেলে বারবার ফোন দেয়। আরও একজন ফোন দিয়ে খুব অনুরোধ করে এবং ছেলের কাছে যেতে বলে। 

পরে আমার শ্যালককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শুনি ছেলে তার এক সহপাঠী মেয়ের সঙ্গে ভ্যানে করে যাচ্ছিল। তাই দেখে কয়েকজন যুবক তাদের আটকে রাখে। পরে মেয়েটাকে ছেড়ে দিলেও আমার ছেলেকে আটকে টাকা দাবি করে। তারা আমার কাছে ৩০ হাজার টাকা চাইলে আমি এত টাকা দিতে অস্বীকৃতি জানাই। এ সময় শ্যালকের কথায় নগদ তিন হাজার টাকা আর নিজের মোবাইলফোন দিই। বাকি দুই হাজার টাকা দিয়ে ফোন ছাড়িয়ে নেওয়ার কথা ছিল। পরে ছেলেকে নিয়ে আসার সময় পেছন থেকে কেউ একজন ডাক দেয়। এ সময় ছেলে আমাদের রেখে সেখানে যায়। তবে আধাঘণ্টা হলেও ছেলে না আসায় খোঁজ করে আর তাকে পাইনি। আজ ছেলের লাশ পেলাম’, এভাবে ছেলে হারানোর বর্ণনা দিয়ে আহাজারি করতে থাকেন নাটোর সদর উপজেলার বুড়িদহ এলাকার বাসিন্দা বেলাল হোসেন। 


এসএসসি ফল প্রত্যাশী ছেলে রাহুলের মরদেহ বাড়িতে পৌঁছার পর সোমবার (১৪ নভেম্বর) বিকালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়।  


রাহুলের বাবা বেলাল হোসেন আরও বলেন, আমার ছেলে তেলকুপি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। রবিবার (১৩ নভেম্বর) বিকালে বুড়িদহের পাশের ছাতনি ইউনিয়নের পণ্ডিতগ্রাম মোড়ে রাহুলকে স্থানীয় পাঁচ-ছয় জন যুবক আটক করে। সোমবার ওই এলাকায় রেলব্রিজের পাশে থেকেই উদ্ধার হয় রাহুলের মরদেহ। 


অপর এক প্রশ্নের জবাবে বেলাল বলেন, আমি ওই যুবকদের মুখ চিনি, তবে নাম জানি না। তবে আমার শ্বশুরবাড়ি ওই এলাকায়। আমার শ্যালক শুভ ওই যুবকদের নাম জানে।


তবে এ বিষয়ে শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 


এ বিষয়ে রাহুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, রাহুল এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আমাদের স্কুল থেকেই । এসময় তিনি আরও বলেন, রাহুল খুব ভালো ছেলে, কোনও সহপাঠী বা অন্য কোনও মেয়ের সঙ্গে রাহুলের অন্য  রকম কোন  সম্পর্ক আছে কিনা তা জানি না। রাহুলের অকাল মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। 


সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ওই ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।



Comments

Popular posts from this blog

এই সেইপ্রদীপসাহা

জামিন না পেয়ে কারাগারে পরীমণি

এ যে জীবন নামের মরন পুরী