অবসরে ব্র্যাকের আবেদ, নতুন চেয়্যারম্যান জিল্লুর
- by নিজস্ব প্রতিবেদক
বিশ্বের সবচেয়ে বড় বাংলাদেশি এনজিও ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ অবসর নিয়েছেন। মঙ্গলবার ঢাকার ব্র্যাক সেন্টারে এক নৈশভোজে এ ঘোষণা দেন তিনি। বিগত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান তার পদে আসীন হতে যাচ্ছেন।

সক্রিয় চেয়ারপারসনের পদ ছাড়লেও ব্রাকের সম্মানসূচক চেয়ারপারসন এমিরেটাস পদে থাকবেন ৮৪ বছর বয়সী ফজলে হাসান আবেদ। আর ব্র্যাকের পরিচালনা পর্ষদের চেয়ারপারসনের পদে থাকবেন হোসেন জিল্লুর।
অনুষ্ঠানে জানানো হয়, চেয়ারম্যান ছাড়াও ব্রাকের নতুন পরিচালনা পর্ষদের সাতটি পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে।
এর আগে গত সপ্তাহে ব্র্যাকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পান আসিফ সালেহ। তিনি এরইমধ্যে তার দায়িত্বভার বুঝে নিয়েছেন। আর গত মে মাসে ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক পদে যোগ দেন মুহাম্মাদ মুসা।
বিদায় বেলায় ফজলে হাসান আবেদ বলেন, ‘বিগত কয়েক বছর ধরে আমি ব্র্যাকে আমার পরবর্তী নেতৃত্ব নিয়ে অনেক ভেবেছি। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছি। ব্র্যাককে সামনে এড়িয়ে নিতে নেতৃত্ব নির্বাচন ছিল আমার সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি আরো বলেন, ‘আমি স্বপ্ন দেখি, ব্র্যাক আগামীতে আরও বড় হয়ে উঠবে, নতুন উদ্ভাবন চালিয়ে যাবে, নতুন দিনের প্রয়োজনে এগিয়ে আসবে নতুন সমাধান নিয়ে।’
Comments
Post a Comment