সারা দেশেই হচ্ছে বিশেষায়িত প্রতিবন্ধী বিদ্যালয়
- Get link
- X
- Other Apps
বাংলা ট্রিবিউন অনলাইন নিউজ প্রকাশিত ২৬ ডিসেম্বর২০১৯ শুক্রবার
অটিস্টিক শিশুদের লেখাপড়া নিয়ে অভিভাবকদের কষ্ট লাঘব হচ্ছে শিগগিরই। অটিস্টিকসহ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য প্রত্যেক উপজেলায় একটি করে বিশেষায়িত প্রাথমিক বিদ্যালয় করছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করবে। স্কুল প্রতিষ্ঠায় ইতোমধ্যে সার্ভে করে ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশে সার্ভে করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে স্কুল করা হবে। অটিস্টিক শিশুদের শিক্ষার সঙ্গে সঙ্গে চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রয়োজন। সে কারণে চারটি মন্ত্রণালয় যৌথভাবে স্কুলগুলো পরিচালনা করবে। খুব শিগগিরই স্কুল স্থাপনসহ অন্যান্য কাজ শুরু হবে।’
প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেনের উদ্যোগে দেশে অটিজমসহ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অটিজম শিশুরা বিষেশায়িত স্কুলে লেখাপড়া করার সুযোগ পাবে। বিশেষায়িত স্কুলে লেখাপড়ার পর দেশের মাধ্যমিক স্কুলে একীভূত শিক্ষার আওতায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে তারা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅ্যাবলিটিজ (এনডিডি) শিক্ষার্থীদের জন্য একীভূত শিক্ষা ব্যবস্থা নীতিমালার খসড়া করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলে একীভূত শিক্ষার ব্যবস্থা করা হবে। সেসব স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে বিশেষায়িত এসব স্কুলের পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীরা।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিসংখ্যানের জন্য ডিজঅ্যাবল ইনফরমেশন সিস্টেম নামের একটি সফটওয়্যারের মাধ্যমে তথ্যভাণ্ডার করা হয়েছে। এতে এখন পর্যন্ত শনাক্ত করা প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন। এরমধ্যে অটিজম ব্যক্তি রয়েছে ৪৪ হাজার ৬৭৫ জন। শারীরিক প্রতিবন্ধী ছয় লাখ ৯১ হাজার ৪৮৩ জন। দীর্ঘস্থায়ী মানসিক প্রতিবন্ধী ৫২ হাজার ৮৪৬ জন, শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধী ছয় হাজার ৫১৫ জন, সেরিপালসি ৬৯ হাজার ৯৩৪ জন, ডাউন সিনড্রোম তিন হাজার ৫৫ জন এবং অন্যান্য প্রতিবন্ধী ১২ হাজার ৯১১ জন। এসব শিশুদের অনেকেই বিশেষায়িত স্কুলে লেখাপড়া করছে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তথ্য মতে, সারাদেশে অটিস্টিক শিশুদের জন্য রয়েছে মাত্র ৬২টি স্কুল। এর মধ্যে সুইড বাংলাদেশ পরিচালত ৫০টি, কল্যাণী ইনক্লুসিভ স্কুলের সাতটি এবং সেনাবাহিনীর ‘প্রয়াস’ নামের একটি। এছাড়া, বেসরকারি উদ্যোগে রাজধানীসহ সারাদেশেই অটিস্টিক শিশুদের স্কুল গড়ে উঠেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার মন্ত্রণালয় যৌথভাবে কাজটি শেষ করতে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করবে। প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি গঠন করা হবে। এসব কমিটির সুপারিশ অনুযায়ী স্কুলগুলোর পরিচালনাসহ অন্যান্য বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment